পাবনার ঈশ্বরদীতে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে শিক্ষকতা করা রুবেল হোসেনকে ইলেকট্রিক হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে। তার চলাচল সহজ করতে ঢাকার আমিরজান হাই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইদুর রহমান দীপু এ উদ্যোগ নিয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রুবেল হোসেনের হাতে হুইলচেয়ারটি তুলে দেন আমিরজান হাই স্কুলের প্রতিনিধিরা। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী উপস্থিত ছিলেন। হুইলচেয়ারের পাশাপাশি রুবেলকে নগদ অর্থ ও কয়েকটি উপহারসামগ্রীও দেওয়া হয়।
অনুষ্ঠানে দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম রব্বানী খান জুবায়ের, খাইরুল ইসলাম বাবুসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
উপস্থিত ব্যক্তিরা এ উদ্যোগকে শিক্ষক সমাজের প্রতি সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, ইলেকট্রিক হুইলচেয়ারটি ব্যবহারের ফলে রুবেল হোসেনের দৈনন্দিন যাতায়াত আরও সহজ হবে এবং চলাফেরায় তার ভোগান্তি অনেকটাই কমবে।
এমজে/এ/এমএ//