দেশজুড়ে

ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে চরগোলকনগর গ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মির্জাপুর ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণের জন্য ইউনিয়ন পরিষদ থেকে কার্ড ইস্যু করা হয়।

বৃহস্পতিবার সকালে ওই গ্রামের ওয়ার্ড পর্যায়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা সায়েম আলীর কাছে কার্ড চান যুবদল নেতা শামীম হোসেন লস্কর। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় মাতব্বররা শালিসে বসেন।

শালিস চলাকালে একপর্যায়ে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। এতে অন্তত ৫০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শেখ বিল্লাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঝিনাইদহ #ভিজিএফ কার্ড #সংঘর্ষ