দেশজুড়ে

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের চতুর্থ চালান পৌঁছেছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ১৭ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে পারমাণবিক জ্বালানির চালানটি প্রকল্প এলাকায় নেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর তত্ত্বাবধানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা নিশ্চিত করে।

এ নিয়ে রূপপুরে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য তিনটি—মোট চারটি চালান পৌঁছাল। সর্বশেষ চালানটি দ্বিতীয় ইউনিটের জন্য আনা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনা হবে। এ ছাড়া প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি চালানে আসবে ৪৮টি অ্যাসেম্বলি। সব মিলিয়ে নয়টি চালানে ২১১টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আনার পরিকল্পনা রয়েছে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে ইতোমধ্যে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রথম ইউনিটে এই পর্যায়ের কার্যক্রম শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান।

স্টেজ-সি পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়ানো হবে। এ সময় কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর এবং পরিচালনা ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে।

পরীক্ষাগুলো সফলভাবে শেষ হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নভেম্বরেই পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে। তবে এ কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থার শর্ত ও প্রয়োজনীয় অনুমোদনের ওপর নির্ভর করবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পাবনা #ঈশ্বরদী