ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মহাসড়কের বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাজীপাড়া এলাকার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) এবং রংপুর সদর উপজেলার হরকলি চৌরাপাড়া এলাকার মুমিনুল ইসলামের ছেলে আছিম (১৮)।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সিলেটের দিকে যাচ্ছিল। পথে বেড়তলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়ক বিভাজকের ওপর উল্টে যায়।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা চলছে।
এমএ//