আন্তর্জাতিক

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪

আন্তর্জাতিক ডেস্ক

স্পেনের মধ্যাঞ্চলীয় তোলেদো প্রদেশে দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বুধবার (২৮ অক্টোবর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

এর আগে স্থানীয় সময় বুধবার সকালে একটি দ্রুতগতির ট্রেন অন্য একটি ট্রেনের পেছনে ধাক্কা দিলে ট্রেন দুটির অন্ত চারটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে দেশটির দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের মধ্যে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক টেলিভিশনে প্রচারিত ভিডিওতে লাইনচ্যুত একটি ট্রেনকে উঁচু রেলপথের ওপর দেখা যায়। রেলপথের নিচের ঢালু জায়গায় ছড়িয়ে ছিল দুমড়েমুচড়ে যাওয়া ধাতব অংশ, ভাঙা প্যানেল ও ট্রেনের ধ্বংসাবশেষ।

দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পরিবহনমন্ত্রী ও কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক সরকারের প্রধানের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন বলেও জানান তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্পেন #ট্রেন দুর্ঘটনা