আন্তর্জাতিক

রাশিয়ার তেল ক্রয়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১৩ মার্চ) মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

মন্ত্রণালয় জানায়, আগামী ১১ এপ্রিল পর্যন্ত রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, বিশ্বজুড়ে জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের হুমকি মোকাবিলায়ও এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় আরও জানায়, গেল ১২ মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিশ্ববাজারে বাধাহীনভাবে সরবরাহ করা যাবে।

উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #যুক্তরাষ্ট্র #রাশিয়া