আন্তর্জাতিক

গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি হামলায় নিহত ৬, আহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক

গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সের সার্জারি ভবনে ইসরাইলি হামলায় চিকিৎসক, রোগী ও তাদের স্বজনসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫২ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভোরের দিকে হাসপাতালের সার্জারি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে নিহতদের মধ্যে চিকিৎসক ডা. রিজক আবু শুয়াইরা রয়েছেন।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের পরিচালক রায়েদ আল-দাহশান জানান, ক্ষেপণাস্ত্রটি ভবনের ওপরের অংশে আঘাত হেনে একাধিক তলা ভেদ করে নিচে চলে যায়। এতে অস্ত্রোপচার বিভাগ ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি। 

আল-দাহশান জানান, নাসের মেডিকেল কমপ্লেক্সে প্রায় ১০ লাখ মানুষ চিকিৎসাসেবা নিয়ে থাকেন। গাজায় অস্ত্রোপচারের সুবিধা রয়েছে এমন একমাত্র চিকিৎসাকেন্দ্র এটি।

তিনি আরও জানান, ইসরাইলি হামলায় গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের ৮৫ শতাংশ সক্ষমতা নষ্ট হয়ে গেছে। ফলে ক্রমবর্ধমান মানবিক সংকটের মধ্যে প্রয়োজনীয় সরঞ্জামের অভাব নিয়েই উদ্ধারকাজ চালাতে হচ্ছে কর্মীদের।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ হামলা চিকিৎসাকেন্দ্র, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সুরক্ষায় আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তাদের আশঙ্কা, হাসপাতালগুলোতে একের পর এক হামলার ফলে গাজার অবশিষ্ট স্বাস্থ্যব্যবস্থাও ধ্বংসের মুখে পড়ছে।

হামলার পর হাসপাতালগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপ চেয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে এ হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে তারা।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #ফিলিস্তিন #ইসরাইল