শিক্ষা

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের পদ্ধতি ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে এসব কমিটির সভাপতি হতে হলে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পরিপত্রটি প্রকাশ করা হয়েছে। গত ২৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মোহাম্মদ মনোয়ার হোসেনের সইকৃত পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়।

পরিপত্রে বলা হয়, ম্যানেজিং কমিটির সভায় উপস্থিত নির্বাচিত সদস্যরা সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ সাপেক্ষে নিজেদের মধ্য থেকে অথবা নির্ধারিত শ্রেণির ব্যক্তিদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করতে পারবেন।

জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি, শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারা সভাপতি হতে পারবেন। তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষার প্রসার ও উন্নয়নে কোনো ব্যক্তির বিশেষ অবদান বা যোগ্যতা বিবেচনায় সরকার সভাপতির শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করতে পারবে।

পরিপত্রে আরও বলা হয়, গভর্নিং বডির সভাপতি মনোনয়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান তিনজন যোগ্য ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্তসহ প্রস্তাব শিক্ষা বোর্ডে পাঠাবেন। তবে, মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে এ প্রস্তাব পাঠাতে হবে। প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে একজনকে সভাপতি মনোনীত করবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।

পরিপত্র অনুযায়ী, পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও এডহক কমিটিতে স্থানীয় পর্যায়ের একজন নারী প্রতিনিধিসহ তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে মনোনয়ন দিতে হবে। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক এ মনোনয়ন নিশ্চিত করবেন।

ঢাকাসহ দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতাধীন নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এ নির্দেশনা প্রযোজ্য হবে। কমিটি গঠনের অন্যান্য ক্ষেত্রে ২০২৪ সালের সংশ্লিষ্ট প্রবিধানমালা অনুসরণ করতে হবে।

জনস্বার্থে জারি করা এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #শিক্ষা মন্ত্রণালয় #ম্যানেজিং কমিটি