ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময়সীমা আরও দুই দিন বাড়ানো হচ্ছে। আগামী ২৫ নভেম্বর আবেদন শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
সোমবার (২৩ নভেম্বর) নিজের যাচাইকৃত ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি লিখেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয় গত ১১ নভেম্বর। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে আবেদন গ্রহণ শেষ হওয়ার কথা ছিল।
তবে শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সময়সীমা দুই দিন বাড়ানো হলে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। যদিও এ বিষয়ে এখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটেও সময় বাড়ানোর কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৫ ডিসেম্বর। পরীক্ষার সময়সূচি হলো—
* আইবিএ ইউনিট: ৫ ডিসেম্বর
* বিজ্ঞান ইউনিট: ১২ ডিসেম্বর
* কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৯ ডিসেম্বর
* চারুকলা ইউনিট: ২২ ডিসেম্বর
* ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৬ ডিসেম্বর।
এসি//