দেশজুড়ে

বিএনপি সমর্থকের বাড়ির ফটকে কাফনের কাপড় পরানো পুতুল, এলাকায় আতঙ্ক

গাজীপুরের শ্রীপুরে এক বিএনপি সমর্থকের বাড়ির প্রধান ফটকের সামনে সাদা রঙে আঁকা বৃত্ত। তার মাঝখানে পড়ে আছে সাদা কাপড় পরানো একটি খড় দিয়ে তৈরি পুতুল। পুতুলটির বুকে তারকাঁটা গাঁথা। পাশে গোলাপজলের বোতল ও মোমবাতি। পুতুলটির শরীরে মাখানো লাল রং। একই ধরনের রং ছড়িয়ে-ছিটিয়ে আছে পুতুলটির আশপাশেও।

রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে আলী হোসেন (৫৫) নামের ওই ব্যক্তির বাড়ির ফটকের সামনে এসব আলামত দেখতে পান পরিবারের সদস্যরা। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আলী হোসেন জানান, তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসী ছিলেন। প্রায় ১০ বছর ধরে দেশে ফিরে নিজ বাড়িতে বসবাস করছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা বিএনপির সমর্থক। তবে দলীয় কোনও পদে না থাকায় রাজনৈতিক মিছিল-মিটিংয়ে অংশ নেন না। তার বাবা এলাকায় সালিশ-বিচার করতেন। সেই সূত্রে গ্রামের বিভিন্ন সমস্যা ও আলোচনায় তাকেও ডাকা হয়। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা দায়িত্ব দিলে তিনিও ছোটখাটো সালিশ-বিচার করেন।

তিনি আরও বলেন, আমি ও আমার স্ত্রী দুজনই বাড়িতে থাকি। গতকাল রাত ৮টার দিকে বাড়িতে ঢুকে গেট বন্ধ করে দিয়েছি। এরপর আর বাইরে যাইনি। আমার কারও সঙ্গে কোনও শত্রুতা নেই। সকাল থেকে লোকজন এসে ঘটনাটি দেখছেন। কেউ বলছেন, জাদুটোনা বা কুফরি করা হয়েছে। আবার কেউ বলছেন, শত্রুতার কারণে এমনভাবে মৃত্যুর ইঙ্গিত দিয়ে ভয় দেখানো হচ্ছে। কে বা কারা কেন এমন কাজ করেছে, কিছুই বুঝতে পারছি না।

বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। ঘটনাটি দেখতে সকাল থেকেই বাড়ির সামনে ভিড় করছেন স্থানীয় লোকজন।

শ্রীপুর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। তারা ফিরে এলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাবেন।

 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজীপুর #শ্রীপুর #বিএনপি