রাজনীতি

দিল্লির ইশারায় অপশক্তি আবার সক্রিয় হচ্ছে : গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন,দিল্লির ইশারায় একটি আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে অপশক্তিকে আবার সক্রিয় করে তুলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গোপালগঞ্জ যে বাংলাদেশের ভূখণ্ডের অংশ, তা মানুষ এখন বিশ্বাস করতে পারছে না।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নববর্ষ প্রকাশনা উৎসবে এসব তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশে অতীতে অনেক রাজনৈতিক সহিংসতা দেখা গেছে। কিন্তু গোপালগঞ্জের মত থানা থেকে পুলিশকে থালাবাসন, রাইফেল, বন্দুক ও বিছানাপত্র নিয়ে পালিয়ে যেতে দেখা যায়নি। এখন পুলিশকে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। মিছিল থেকে গাড়ি ভাঙচুর করা হচ্ছে, পুলিশের ওপর হামলা হচ্ছে। কয়েকটি জেলায় তাণ্ডব চালানো হচ্ছে। মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করা হচ্ছে। এসব ঘটনা একটি রাষ্ট্রের মধ্যে আরেকটি শক্তির দাপটের প্রকাশ।

তিনি বলেন, সরকার গত ৮ থেকে ১০ দিনেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেনি। মানুষের জীবন, সম্পদ ও সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সরকারের এই ব্যর্থতার নিন্দা জানান এ জামায়াত নেতা।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁরা দুজন এক জায়গায় বসেছেন। কিন্তু তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা কেউ প্রকাশ করেননি।

এ জামায়াত নেতা বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানাতে হবে। বিভিন্ন এনজিও ও সংস্থা বিদেশি অর্থায়নে শ্রমিকদের মজুরি নিয়ে নানা ধরনের হিসাব দিচ্ছে। কেউ ১৪ হাজার, কেউ ১৮ হাজার টাকার কথা বলছে। কিন্তু উচ্চ দ্রব্যমূল্যের এই বাজারে এত কম মজুরিতে শ্রমিকদের ন্যূনতম জীবনমান নিশ্চিত করা সম্ভব নয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #গোলাম পরওয়ার