আমদানি-রপ্তানি

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

তুহিন হোসেন, পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের আরও একটি চালান সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় প্রকল্প এলাকায় পৌঁছেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটে তিনটি বিশেষায়িত লরির মাধ্যমে ইউরেনিয়াম প্রকল্প এলাকায় পৌঁছানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান।

সপ্তম চালান পৌঁছানোর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টিসহ মোট সাতটি চালান প্রকল্প এলাকায় পৌঁছাল।

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। সে হিসাবে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে আনার কথা রয়েছে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। এরই মধ্যে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ১৭ নভেম্বর পরীক্ষামূলকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। পরীক্ষামূলক শেষে আগামী জানুয়ারিতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রুপপুর #বিদ্যুৎকেন্দ্র #পাবনা