আমদানি-রপ্তানি

৯ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

পঞ্চগড় প্রতিনিধি

সনাতনী ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী ও বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে  ৯ দিন  কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার চালু থাকবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ এবং ইমিগ্রেশনের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে ১৭ অক্টোবর ( শনিবার) থেকে ২৪ অক্টোবর ( শনিবার) পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ১৬ অক্টোবর (শুক্রবার) বাংলাদেশের সরকারি ছুটির দিন হিসেবে বন্ধ থাকবে৷ তবে ২৫ অক্টোবর (রবিবার) সকাল ৯টা থেকে বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম পূর্বের মত স্বাভাবিক থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের আহ্বায়ক, ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন এবং বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম জানান, ভারতের ফুলবাড়ী স্থল শুল্ক স্টেশনে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব উপলক্ষে ছুটি থাকায় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ থাকবে। 

বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদ বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমস-সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাবান্ধা