রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে নগরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ড স্বাভাবিক ছিল।
মিরপুর, গুলশান, বনানী, হাতিরঝিল, তেজগাঁও ও শাহবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় স্বাভাবিক চলাচলের চিত্র দেখা গেছে বলে জানা গেছে। সড়কে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলাচল করেছে অন্যান্য দিনের মতোই। কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা গেছে সাধারণ মানুষকে।
তবে ঝিরিঝিরি বৃষ্টি ও শীতের কারণে সকালে সড়কে যানবাহনের চাপ কিছুটা কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। নগরের কয়েকটি এলাকায় যানজটও দেখা দেয়।
গুলশান এলাকার ট্রাফিক পরিদর্শক আ. বহমান জানিয়েছেন, সকালে যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে। বর্তমানে অন্যান্য দিনের মতোই যানবাহনের চাপ সামলাতে হচ্ছে ট্রাফিক পুলিশকে।
এদিকে, রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিও ছিল স্বাভাবিক।
পুলিশ সূত্রে জানা গেছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
এসি//