পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় মো. সিয়াম (২৫) নামে এক বাসশ্রমিকের মৃত্যু হয়েছে। আগুন লাগার সময় তিনি একটি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন।
বুধবার (১৮ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। সিয়ামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাস দাঁড়িয়ে ছিল। দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ সময় ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান জানান, বাস দুটিতে আগুন দেওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। কারা আগুন দিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
এমএ//