সকালে প্রাইভেট পড়তে গিয়েছিল তিন বন্ধু। পড়া শেষে কথা ছিল এক বন্ধুর বাসায় যাবেন। কিন্তু পথেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে প্রাণ হারায় দুই বন্ধু। গুরুতর আহত হয় আরেকজন। তবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সেই বন্ধুটিও। এনিয়ে ওই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো তিনে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তিন বন্ধু হলেন, সায়মন ইসলাম সাদিক (১৬) ও রেদওয়ানুল হোসেন রাহাত (১৮) ও ফজলে রাব্বি শাহ (১৭)। তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী।
নিহত সায়মন ইসলাম সাদিক সাকোয়া ইউনিয়নের ভোলাবসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। রেদওয়ানুল হোসেন রাহাত ফুলবাড়ী গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং ফজলে রাব্বি শাহ চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আবু শাহর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে প্রাইভেট পড়া শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে বন্ধুর বাসায় যাচ্ছিল। পথে শাহাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সায়মন ও রাহাতের মৃত্যু হয়। গুরুতর আহত হয় ফজলে রাব্বি।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়মন ও রাহাতকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ফজলে রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদমান সাকিব বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপর শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়। শুনেছি ওই শিক্ষার্থীও মারা গেছেন।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, তিন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে আগেই দুইজনের মরদেহ হস্তান্তর করা হয়। অপরজনের মরদেহটি একই প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে।
আই/এ