পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে লাঠিসোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের প্রায় ১৫ নেতাকর্মী আহত হয়েছে৷ এর মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের ডোকরোপাড়া এমআর কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, পঞ্চগড় ২ আসনের সাংসদ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সমর্থকেরা ডোকরোপাড়া এমআর কলেজ রোড এলাকায় একটি মিস্টির দোকানে মিস্টি খাচ্ছিলেন।
এসময় তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল বের করে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থকরা। মিছিলটি এমআর কলেজ মোড়ে আসলে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এসময় লাঠি হাতে মহাসড়কে অবস্থান নেয় দুই গ্রুপের সদস্যরা, ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এসময় সংঘর্ষে দুইপক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন। আহতের বেশির ভাগেরই ইটের আঘাতে মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷
জানা গেছে, রবিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভায় সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদের সামনেই বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে বাকবিতন্ডা ও হট্টগোল শুরু হয় দুই গ্রুপের মধ্যে। তারই রেশ ধরে রাতে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের সময় দুই ঘন্টা ধরে দুই পক্ষ সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দলীয় নেতারা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়।
আই/এ