দেশজুড়ে

টেকনাফ থেকে ৩০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনটি পৃথক অভিযানে ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। যার মূল্য আনুমানিক ৩০ কোটি টাকা। অভিযানকালে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে দিক টেকনাফ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। 

 

বিজিবি অধিনায়ক জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে হ্নীলার জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবি। এ সময় বিজিবির একটি দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। নৌকা থেকে ৭-৮ জন মাদক কারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে পাশের কেওড়াবনে অবস্থান নেয়।

পরে বিজিবির আরেকটি টহল দল স্পিডবোট নিয়ে ওই এলাকায় গেলে মাদক কারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি চালিয়ে এগিয়ে যায়। একপর্যায়ে মাদক কারবারিরা ইয়াবাভর্তি বস্তাগুলো পানিতে ভাসমান অবস্থায় ফেলে নৌকায় করে মিয়ানমারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ছোট-বড় ১০টি বস্তায় ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।

একই রাতে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ মো. রমজান আলী (১৮) নামের এক যুবককে আটক করা হয়। রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়।

এদিকে, রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে চার হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মো. হোসাইন (২০) নামের আর এক যুবককে আটক করে বিজিবি।

মাদক চোরাচালান বন্ধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।

এমজে/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইয়াবা #বিজিবি