দেশজুড়ে

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যার দায়ে লিমন মিয়া (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পৃথক দুটি ধারায় তাঁকে ১০ বছর করে কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। লিমন মিয়ার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২-এর বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ নভেম্বর দুপুরে রাজশাহী নগরের ডাবতলা এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে তাওসিফ ও তাঁর মা তাসমিন নাহারকে ছুরিকাঘাত করেন লিমন। তাওসিফের বাবা আবদুর রহমান তখন রাজশাহী মহানগর দায়রা জজ ছিলেন। ঘটনার সময় তিনি বাসায় আদালতে ছিলেন।

‘বিচারকের ভাই’ পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করেছিলেন লিমন। সেখানে তাওসিফ ও তাঁর মা ছাড়া অন্য কেউ ছিলেন না। ছুরিকাঘাতের পর তাওসিফের রক্ত শরীরে মেখে নিজেও আহত হওয়ার ভান করে পড়ে থাকেন তিনি। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তাঁর মাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিমনকে আটক করে পুলিশ। পরদিন বিচারক আবদুর রহমান বাদী হয়ে রাজপাড়া থানায় তাঁর বিরুদ্ধে হত্যা মামলা করেন।

জানা যায়, বিচারক আবদুর রহমানের বাড়ি জামালপুরে হলেও তাঁর স্ত্রী তাসমিন নাহারের বাবার বাড়ি গাইবান্ধা শহরের এটেস্ট্রেটপাড়ায়। একই জেলার বাসিন্দা হওয়ায় তাসমিন নাহারের সঙ্গে লিমনের পরিচয় ছিল। লিমন প্রায়ই তাঁর কাছ থেকে আর্থিক সহায়তা নিতেন। একপর্যায়ে সহায়তা বন্ধ করে দিলে তাসমিন নাহার ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দেন লিমন।

ঘটনার ১০ দিন আগে ৩ নভেম্বর সকালে তাসমিন নাহারের মেয়ের ফেসবুক মেসেঞ্জারে কল করে পরিবারসহ হত্যার হুমকি দেন লিমন। তখন তাসমিন নাহার সিলেটে মেয়ের বাসায় ছিলেন। এ ঘটনায় ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। জিডিতে আর্থিক সহায়তা না পেয়ে লিমনের হত্যার হুমকি দেওয়ার বিষয়টি উল্লেখ করেন।

পুলিশ ওই ঘটনায় লিমনকে সন্দেহভাজন হিসেবে আটক দেখিয়ে আদালতে পাঠায়। পরে জামিনে মুক্ত হয়ে রাজশাহীতে এসে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিমন মিয়ার বাবা এইচ এম সোলায়মান হোসেন শহীদ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

লিমন গাইবান্ধা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাসের পর সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। ২০১৮ সালে চাকরি ছেড়ে বাড়ি ফিরে তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, মামলার অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা ৩২ জনকে সাক্ষী করেন। বিচার চলাকালে আদালতে বিচারক আবদুর রহমান ও তাঁর স্ত্রী তাসমিন নাহারসহ ২৯ জন সাক্ষ্য দেন। গত ৯, ১৪ ও ১৫ অক্টোবর মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করেন।

তিনি বলেন, আসামি মানসিকভাবে সুস্থ কি না, তা জানতে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় তিনি সম্পূর্ণ সুস্থ বলে জানা যায়। পরিকল্পিতভাবে তাওসিফকে ছুরিকাঘাতে হত্যা ও তাঁর মাকে আহত করেন লিমন। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

রায় ঘোষণার সময় লিমনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।

রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী মামুন-অর-রশিদ বাবু। তিনি বলেন, ‘আমরা এখনই বিস্তারিত বলছি না। তবে আমরা রায়ে অসন্তুষ্ট। উচ্চ আদালতে আপিল করব।’

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজশাহী #বিচারক