কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামি আলোচক মুফতি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কুষ্টিয়ার সচেতন নাগরিক সমাজের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কুমকুম রহমান, সদস্য সচিব লতিফা আক্তার রোজী, নারী নেত্রী নীলুফা, মল্লিকা বেগম তানিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে মুফতি আমির হামজার কাছ থেকে নারীদের প্রতি সম্মানজনক আচরণ প্রত্যাশিত। কিন্তু বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানে নারীদের নিয়ে তার বক্তব্য ও মন্তব্য অসম্মানজনক । এসব বক্তব্য নারীদের মর্যাদা ও সম্মানকে ক্ষুণ্ন করছে। নারীদের নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা আরও বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীকে অসম্মান করে কেউ জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে পারেন না। তাই মুফতি আমির হামজার বক্তব্যের বিষয়ে যথাযথ তদন্ত করে তাকে জবাবদিহির আওতায় আনার দাবি তাদের।
এ সময় সমাবেশ থেকে সংসদ সদস্য হিসেবে তার পদত্যাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে নারীদের নিয়ে অসম্মানজনক বক্তব্যের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
এমজে/এ