বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দক্ষতা বিকাশ ও ভবিষ্যতে স্বাবলম্বী করে তুলতে হস্তশিল্প প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মক্ষম করে গড়ে তোলা এবং সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ তৈরি লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বেঙ্গল স্কয়ারে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন শিশু সাহিত্যিক ও সমাজসেবক সোনিয়া হোসেন।
কর্মশালায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ নিচ্ছে। বাইরে থেকে এসব কাজ প্লাস্টিক কিংবা কাপড়ের তৈরি ফুলের মতো মনে হলেও প্রতিটি শিল্পকর্মের সঙ্গে জড়িয়ে রয়েছে শিশুদের দক্ষতা অর্জন ও স্বনির্ভর হওয়ার প্রত্যাশা।
ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম এ সময় সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
কর্মসূচিতে অংশ নেওয়া শিশুদের পরিবারের সদস্যরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের সন্তানদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার পথ তৈরি করবে।
আয়োজকদের মতে, প্রয়োজনীয় প্রশিক্ষণ, সঠিক দিকনির্দেশনা ও কাজের সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। তাদের সম্ভাবনা বিকাশে প্রয়োজন সহযোগিতা, উৎসাহ ও উপযুক্ত পরিবেশ।
এমএ//