বিএনপি

জামায়াতের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণের : রিজভী

 ‘আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’ জামায়াতে ইসলামীর আমিরের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,বিপ্লবের কথা বলেন? জামায়াতের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণের ইতিহাস, স্বৈরশক্তির কাছে নতজানু হওয়ার ইতিহাস।

রোববার (১ নভেম্বর) ঢাকা আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, গার্মেন্টস শ্রমিকদের হঠাৎ রাস্তায় নামিয়ে অস্থিরতা তৈরি করা হচ্ছে। অন্যদিকে তারেক রহমান একের পর এক দেশে গিয়ে বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে আসছেন। দেশকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন, সেটিকে বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। গাড়িতে আগুন, বাসে আগুন, পুলিশ বক্সে আগুন এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটছে। প্রত্যেকটি ঘটনাস্থল থেকে যাদের আটক করা হচ্ছে, তাদের যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।

তিনি আরও বলেন, আজও ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ওই ব্যক্তি নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে আন্দোলনের মধ্যে থেকে এসব কাজ করার কথা জানিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, একদিকে পরাজিত শক্তি আওয়ামী ফ্যাসিবাদী শক্তি, অন্যদিকে নতুন একটি শক্তি। তারা পরাজিত শক্তির সঙ্গে গোপন সম্পর্ক রেখে কাজ করার চেষ্টা করছে।’

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রিজভী