রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে চারটি তাজা ককটেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানা পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) হাতিরঝিল থানার মগবাজার নয়াটোলা চেয়ারম্যান গলির একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জাহিদুল ইসলাম অনিক (২১) ও শিহাব হোসেন আমি (১৯)।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৩ অক্টোবর রাতে রমনা মডেল থানার রমনা শপিং কমপ্লেক্সের বিপরীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় রমনা মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে পুলিশ।
জননিরাপত্তার স্বার্থে উদ্ধার করা ককটেলগুলো ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিষ্ক্রিয় করে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমএ//