আমদানি-রপ্তানি

৯ মাস পর কাঁচা মরিচ আমদানি শুরু

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ৯ মাস পর  আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। দীর্ঘদিন পর আমদানি কার্যক্রম চালু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয় ব্যবসায়ী ও পাইকারদের মাঝে।

সোমবার (৩ আগস্ট) দুপুর থেকে কাঁচা মরিচ বোঝাই ট্রাক স্থল বন্দরে প্রবেশ শুরু করে। পানামা সোনা মসজিদ পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  প্রথম দিনে ১২টি ট্রাকে মোট ৩৫ মেট্রিক টন কাঁচা মরিচ বন্দরে প্রবেশ করেছে। শুল্ক ও অন্যান্য আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে কাঁচা মরিচগুলো খালাস করা হচ্ছে, যাতে দ্রুততম সময়ে তা বাজারে পৌঁছে দেওয়া যায়।

জানা গেছে, ৭৭টি আইপির মাধ্যমে ২৮ হাজার ৯৫০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের পুরান বাজারের ব্যবসায়ী বুদ্দু ইসলাম বলেন,সম্প্রতি দেশে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছিলেন ভোক্তারা। নতুন করে আমদানি শুরু হওয়ায় দাম কমবে বলে তিনি মনে করেন।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কাঁচা মরিচ