ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তিনদিন সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। শুক্রবার সরকারি ছুটি থাকায় শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
এ সময় জরুরি পরিস্থিতি ছাড়া পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্থগিত থাকবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, সরকারি ছুটি মিলিয়ে মোট চার দিন কার্যক্রম বন্ধ থাকবে।
অন্যদিকে ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েতুল ওয়ারেস জানান, আমদানি-রফতানি বন্ধ থাকলেও সাধারণত ইমিগ্রেশন খোলা থাকার কথা থাকলেও ভারতের পক্ষ থেকে পাসপোর্টধারী যাত্রী গ্রহণ না করায় কার্যক্রম কার্যত স্থগিত থাকবে।
প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভার ভোটের তফসিল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। দুই দফায় আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্য বিধানসভার ২৯৪ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন চলাকালীন সময় সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ঝুঁকি কমাতে এ স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
এমএ//