জাতীয়

দুর্গাপূজায় তিন জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে

বায়ান্ন প্রতিবেদন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের বাড়তি চাপ সামলাতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি পাঁচটি ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল, অতিরিক্ত কোচ সংযোজন এবং রেলপথ ও স্টেশনে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনিসুর রহমান এসব তথ্য জানান।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম থেকে ঢাকায় চলবে ঢাকা স্পেশাল-৩। ঢাকা–কক্সবাজার–ঢাকা রুটে টুরিস্ট স্পেশাল-১ ও টুরিস্ট স্পেশাল-২ চলাচল করবে ২০, ২৩ ও ২৪ অক্টোবর। এ ছাড়া ২৪ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চলবে চট্টগ্রাম স্পেশাল-৪।

যাত্রীদের চাপ সামলাতে কয়েকটি ট্রেনের সাপ্তাহিক বন্ধও বাতিল করা হয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের সাপ্তাহিক বন্ধও থাকবে না।

রেলওয়ে সূত্রে জানা গেছে, অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ বিভিন্ন যাত্রীবাহী ট্রেনে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে চাহিদা অনুযায়ী ইঞ্জিন সরবরাহ নিশ্চিত করা হবে।

ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা এবং পরিদর্শকদের তদারকি বাড়ানো হবে। রেলপথ ও সেতুর নিরাপত্তায় নিয়মিত পাহারার ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সিগন্যালিং ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করা হবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ পরিচালনার জন্য রিলিফ ট্রেনও সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ গুরুত্বপূর্ণ স্টেশনে রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সহায়তায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের ব্যবস্থা থাকবে।

চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতা প্রতিরোধে আরএনবি, জিআরপি এবং রেলওয়ের কর্মচারীদের নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়েছে।

এর আগে রোববার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

সভায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সেতু বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও দপ্তরপ্রধান, ঢাকা ও গাজীপুর মহানগর পুলিশের কমিশনার এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #শারদীয় দুর্গাপূজা #ট্রেন