ফেসবুকে একটি মোবাইল শোরুমের সেবার মান নিয়ে মন্তব্য করার জেরে পাবনার ঈশ্বরদীতে মেরিদুল ইসলাম নামে এক ছাত্রদল নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শোরুমের মালিকসহ তিনজনকে আটক করে থানায় নেয় পুলিশ। পরে উভয় পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। মেরিদুল ইসলাম ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ঈশ্বরদী পোস্ট অফিস মোড়ের আরআরপি সেন্টারে ‘অ্যাপল জেড’ নামের মোবাইল শোরুমে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান
প্রত্যক্ষদর্শী ও শোরুমের সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ফেসবুকে অ্যাপল জেড শোরুমের সেবার মান নিয়ে সমালোচনা করে মন্তব্য করেন মেরিদুল ইসলাম। মঙ্গলবার দুপুরে তিনি ওই শোরুমে মোবাইল ফোন কিনতে গেলে তাকে চিনতে পারেন মালিক ইলিয়াস রতন। এ সময় ফেসবুকে করা ওই মন্তব্যের বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়।
একপর্যায়ে কথা কাটাকাটির মধ্যে শোরুমের মালিক ইলিয়াস রতন ও কর্মচারী সুবেল এবং রাহুল মিলে মেরিদুল ইসলামকে মারধর করেন বলে অভিযোগ করা হয়। ঘটনার সময় মেরিদুল ইসলাম ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান।
খবর পেয়ে ঈশ্বরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শোরুমের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মালিক ইলিয়াস রতন ও দুই কর্মচারী সুবেল ও রাহুলকে আটক করে থানায় নেওয়া হয়।
ওসি মো. আশাদুর রহমান বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে শোরুমের মালিকসহ তিনজনকে থানায় আনা হয়েছিল। পরে উভয় পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
আই/এ