দেশজুড়ে

পাবনায় আ.লীগের সভাপতিসহ আটক ১৫

পাবনা প্রতিনিধি

পাবনা শহরে মিছিলের প্রস্তুতি ও নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

পাবনা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তার দাবি, আটক ব্যক্তিরা একটি মাইক্রোবাসে করে ওই এলাকায় এসে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন এবং নাশকতার পরিকল্পনা করছিলেন।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পাবনা সদর থানায় পাঠানো হয়েছে বলে জানান তিনি। আব্দুল ওহাব ছাড়া অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আব্দুল ওহাবকে এর আগেও পাবনায় একাধিকবার গ্রেপ্তার ও আটকের ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি সুজানগরের মথুরাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া হয়। ওই ঘটনায় পুলিশের আট সদস্য আহত হওয়ার কথা জানিয়েছিল পুলিশ। পরে ৫ ফেব্রুয়ারি তাকে আবার গ্রেপ্তার করা হয়।

এরপর চলতি বছরের ২৩ এপ্রিল রাতে সুজানগরের মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল ওহাবসহ নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে তারা জামিনে মুক্তি পান।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পাবনায় #আলীগের #সভাপতিসহ #আটক #১৫