অর্থনীতি

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বায়ান্ন প্রতিবেদন

জনপ্রিয় কনটেন্ট নির্মাতা সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট—বিএফআইইউ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন ব্যাংকে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। কয়েকটি ব্যাংকের কর্মকর্তাও চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএফআইইউর পাঠানো জরুরি ই-মেইলে সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার আবেদনপত্র, গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত নথি এবং হিসাব বিবরণী দিতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট হিসাবগুলোর পরিচিতি-সংক্রান্ত নথি ও হিসাব বিবরণীর সফট কপিও চাওয়া হয়েছে।

এ ছাড়া বিএফআইইউর নির্ধারিত ছকে তার নামে থাকা হিসাবগুলোর প্রয়োজনীয় তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়েছে। এসব হিসাব থেকে পাওয়া সুদ আয় ও উৎসে করের তথ্যও দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিএফআইইউর বার্তায় তথ্যগুলো জরুরি ভিত্তিতে নির্ধারিত ব্যবস্থায় পাঠাতে বলা হয়। চিঠিতে এসব তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। দেশের সরকারি, বেসরকারি ও বিদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যাংকের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

তবে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার নির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিএফআইইউর চিঠিতে এ বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়। ফলে সম্প্রতি ঘটে যাওয়া কোনো ঘটনার সঙ্গে হিসাব তলবের সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এর আগে রাজধানীর ইসিবি চত্বর এলাকার একটি স্টুডিওতে সালমান মুক্তাদিরের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে।

ঘটনার পর সালমান মুক্তাদির প্রথমে অভিযোগ করেছিলেন, বিএনপির লোকজন তাঁর কাছে চাঁদা দাবি করেছিল। পরে তিনি জানান, তাঁর কাছে চাঁদা চাওয়া হয়নি। বক্তব্যের এই পরিবর্তন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়।

এদিকে গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, সালমান মুক্তাদিরের মতো ব্যাপক পরিচিতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে বড় পরিসরে পৌঁছানো কনটেন্ট নির্মাতারা ভবিষ্যতে আরও দায়িত্বশীল আচরণ করবেন বলে তিনি আশা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন #সালমান মোহাম্মদ মুক্তাদির #বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনি #ব্যাংক হিসাব #তলব