৯০ পিস ইয়াবাসহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাকিব হাসান রিফাত (২২) নামে ছাত্রদলের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার সহযোগী মো. জাহিদ হাসান রনিকেও (৩০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিব হাসান রিফাত শিমরাইল মুন্সীবাড়ি এলাকার মৃত হাসান পারভেজ মুন্সীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। জাহিদ হাসান রনি শিমরাইল দক্ষিণপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, গত ১২ নভেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে টাইগার রোলিং মিলের সামনে শিবলীর দোকানঘরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে রাকিব হাসান রিফাতের পরিহিত কোয়ার্টার প্যান্টের ডান পকেট থেকে ৫০ পিস এবং জাহিদ হাসান রনির প্যান্টের বাম পকেট থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ৯০ পিস ইয়াবার মোট ওজন ৯ গ্রাম। পুলিশ প্রতি পিস ইয়াবার আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে এর বাজারমূল্য ২৭ হাজার টাকা নির্ধারণ করেছে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মাদক মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেলে করে ইয়াবা সংগ্রহ করে শিমরাইল ও আশপাশের এলাকায় বিক্রি করার কথা জানিয়েছেন। অভিযানে রিফাতের কাছ থেকে নগদ ৫২ হাজার ১৫০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আই/এ