বিশ্ববাজারে নানা অস্থিরতার মধ্যেও অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও ভূরাজনৈতিক সংকটের কারণে বিশ্বজুড়ে জ্বালানি পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার জ্বালানি খাতে বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে। এ কারণে কয়েক দফা মূল্য সমন্বয়ের পরও জ্বালানি খাতে সরকারকে উল্লেখযোগ্য লোকসান বহন করতে হচ্ছে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা।
তিনি অভিযোগ করেন, একটি অশুভ চক্র পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। সুনির্দিষ্ট ষড়যন্ত্রের মাধ্যমে দেশের সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী আরও বলেন, বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ও নাশকতার মাধ্যমে আতঙ্ক ছড়ানোর পেছনে পরাজিত কোনো শক্তি কলকাঠি নাড়ছে কি না, তা নিয়ে সচেতন নাগরিক ও রাজনৈতিক মহলে গভীর সংশয় দেখা দিয়েছে।
এদিকে রাজনৈতিক কর্মকাণ্ড আরও জোরদার করার অংশ হিসেবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো মাঠপর্যায়ে তৎপরতা বাড়াবে বলেও জানান রুহুল কবির রিজভী। একই সঙ্গে জ্বালানি সংকট মোকাবিলায় শুধু সমালোচনা না করে বিরোধীদের গঠনমূলক ও বাস্তবসম্মত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি।
এসি//