দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গেল আট মাসে সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বিপুল অঙ্কের ভর্তুকির পরও বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী বছরের গ্রীষ্মের আগেই এ উৎস থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়েই বিদ্যুৎ ও জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে সরকারকে বড় অঙ্কের অর্থ ভর্তুকি হিসেবে দিতে হচ্ছে। গত আট মাসে এ বাবদ ব্যয় হয়েছে ৪৬ হাজার কোটি টাকা।
তিনি আরও বলেন, সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী বছরের গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় সরকার।
এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সভায় উপস্থিত সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। মন্ত্রীর মতে, সৌরবিদ্যুতের উৎপাদন বাড়লে বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি কৃষিনির্ভর অর্থনীতির অগ্রগতিও ধরে রাখা সম্ভব হবে।
এমএ//