আন্তর্জাতিক

নেতানিয়াহুকে হটাতে আইজেনকটের পক্ষে আরব দলগুলোর জোট

ছবি: সংগৃহীত

ইসরাইলের পরবর্তী সরকার গঠনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী নেতা গাদি আইজেনকটকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব নেতৃত্বাধীন দলগুলোর জোট জয়েন্ট লিস্ট।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গেল সপ্তাহের নির্বাচনের পর এদিন নিজেদের অবস্থান স্পষ্ট করে জোটটি।

এক বিবৃতিতে জয়েন্ট লিস্ট জানায়, সরকার গঠনের দায়িত্ব আইজেনকটকে দেওয়ার সুপারিশ জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্ত জানানো হবে।

গত সপ্তাহের নির্বাচনে ইসরাইলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে রেকর্ড ১৯টি আসন পেয়েছে আরব নেতৃত্বাধীন দলগুলো। ফলে সরকার গঠনের সমীকরণে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জয়েন্ট লিস্টের ১১ সংসদ সদস্য আইজেনকটের পক্ষে সুপারিশ করলে তার প্রতি সমর্থন জানানো সংসদ সদস্যের সংখ্যা দাঁড়াবে ৬৭। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে এ সংখ্যা বেশি। এর আগে আটটি আসন পাওয়া আরেক আরব দল রা'আমও আইজেনকটকে সমর্থনের কথা জানিয়েছে।

অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। তবে তার সমর্থন আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সাত আসনের ইউনাইটেড তোরাহ জুদাইজমের শরিক দল ডেগেল হা তোরাহ জানিয়েছে, তারা কোনো প্রার্থীর পক্ষেই সুপারিশ করবে না।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, হারেদি সম্প্রদায়ের পুরুষদের বাধ্যতামূলক সামরিক নিয়োগ থেকে অব্যাহতি দেওয়ার আইন পাসে নেতানিয়াহুর জোট ব্যর্থ হয়েছে। এ কারণে দলটি তার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #প্রধানমন্ত্রী #বেনিয়ামিন নেতানিয়াহু