বিএনপি

মিথ্যাচার ও অপপ্রচার করছেন গোলাম পরওয়ার: রিজভী

বায়ান্ন প্রতিবেদন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিথ্যা তথ্য ও অপপ্রচার চালিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাত রয়েছে। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়েছে।

দেশে নতুন করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না বলেও সতর্ক করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, বিরোধীদের অপপ্রচার ও উসকানিতে গুরুত্ব না দিয়ে সরকার দায়িত্বশীলতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে রিজভী আরও বলেন, বিশ্ব ক্ষুধা সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো। এটি সরকারের সঠিক নীতির প্রতিফলন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ জামায়াতে ইসলামী #মিয়া গোলাম পরওয়ার #রুহুল কবির রিজভী #বিএনপি