দেশজুড়ে

উত্তপ্ত পরিস্থিতির পর

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের জের ধরে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রেলস্টেশনে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির পর আজ সকাল থেকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বর্তমানে পুনরায় স্বাভাবিক হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকেই রেলস্টেশনে যাত্রীদের ব্যস্ততা লক্ষ্য করা গেছে। ট্রেনগুলোও নির্ধারিত সময়সূচি মেনে গন্তব্যে ছেড়ে যাচ্ছে।

রাজশাহী রেলস্টেশনের স্টেশনমাস্টার জানান, সকাল থেকে সবকটি ট্রেন নিয়মিত সময় অনুযায়ী ছেড়ে গেলেও রাতে দেরিতে পৌঁছানোর কারণে কেবল ‘মধুমতী এক্সপ্রেস’ কিছুটা বিলম্বে ছেড়েছে। এ ছাড়া রাতের ভাঙচুরে ক্ষতিগ্রস্ত স্টেশনের বিভিন্ন অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ অব্যাহত রয়েছে।

রোববার রাতে রাজশাহী রেলস্টেশনে চাচাকে আনতে গিয়ে রেলওয়ে স্টাফদের মারধরের শিকার হন রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী আইয়ুব আলী। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেলস্টেশনে গিয়ে রেলপথ অবরোধ করেন, যার ফলে সাময়িকভাবে ঢাকার সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনা জানার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রেল কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেওয়ায় শিক্ষার্থীরা ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’ কর্মসূচি নিয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করেন। পরে তারা স্টেশন ঘেরাও করে ভাঙচুর করেন।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজশাহী #রেলস্টেশন #স্বাভাবিক