দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৬ জন। এ নিয়ে চলতি বছরের ৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৩৭১।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৫৫০ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৯৫, খুলনায় ২২১, বরিশালে ২১৩, রাজশাহীতে ১৪৮, ময়মনসিংহে ৮৩, রংপুরে ৬৭ এবং সিলেট বিভাগে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১ লাখ ৩৮ হাজার ৮০ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৮৩৯ জন। এ সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৪৫২ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, নভেম্বরের প্রথম পাঁচ দিনেই ডেঙ্গুতে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়।
এমএ//