দেশজুড়ে

সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে দিনভর সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন শ্রমিকেরা। এ সময় হেমায়েতপুরে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা।

বুধবার (০৪ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির অবনতি ঘটে।

সংঘর্ষে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন গণমাধ্যমকর্মীও। শ্রমিক, পুলিশ, সাংবাদিক ও পথচারীসহ অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার সকালে আশুলিয়ার নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় সড়কে অবস্থান নেন আন্দোলনরত শ্রমিকেরা। তাদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। জবাবে শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।

দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একপর্যায়ে শ্রমিকেরা বাড়ি ফিরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে, সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় সকাল থেকেই শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে অবস্থান নেন। সকাল ৯টার দিকে একদল শ্রমিক ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে মহাসড়ক থেকে শ্রমিকদের সরানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় আন্দোলনকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। সংঘর্ষে সাভার থানার ওসি সাইফুল আলমসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। মারধরের শিকার হন কয়েকজন গণমাধ্যমকর্মীও।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর ১২টার দিকে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সাভার #আশুলিয়া