আন্তর্জাতিক

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে পাকিস্তানের নতুন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে নতুন জোট গড়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। গত ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তির নাম দেওয়া হয়েছে ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি আক্রান্ত হলে সেটিকে তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে।

জোট গঠনের পর থেকেই এতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হতে পারে—এমন আলোচনা শুরু হয়। ন্যাটোর আদলে গড়ে ওঠা এই প্রতিরক্ষা জোটে যোগদানের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও একাধিকবার ইতিবাচক মনোভাবের কথা জানানো হয়।

এদিকে শুরুতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান জানিয়েছিল, আগ্রহী মুসলিম দেশগুলোর জন্য তাদের প্রতিরক্ষা সহযোগিতার সুযোগ উন্মুক্ত থাকবে। তবে এখন সেই অবস্থান থেকে সরে এসেছে জোটের তিন সদস্য।

এই মুহূর্তে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে নতুন কোনো দেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান।

তিনি জানান, এখনই জোটের পরিধি বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না। প্রথম পর্যায়ে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী ও সুসংহত করতে চায়।

পরে একই ধরনের অবস্থান ও দৃষ্টিভঙ্গি পোষণকারী দেশগুলোর জন্য এই জোটের পরিসর উন্মুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

সাজ্জাদ হায়দার খান বলেন, পরবর্তী পর্যায়ে চুক্তি সম্প্রসারণ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক।

সূত্র: দ্য ডন

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মধ্যপ্রাচ্য #মক্কা চুক্তি