ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই থামবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধ শেষ হলে বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে মন্টানায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। ইরানও সংঘাতের অবসান চায়।
ট্রাম্প আরও বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। যুদ্ধের অবসান ঘটলে তেলের দামও দ্রুত কমে আসবে বলে তিনি মনে করেন।
এর আগে মন্টানায় একটি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ইরানের সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঠিক কারা যোগাযোগ করছেন, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
এ সময় ইরানের সামরিক শক্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি। ট্রাম্প জানান, দেশটির নৌ ও বিমানবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে এবং সামরিক নেতৃত্বেরও বড় একটি অংশ আর নেই।
ইরানের সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির বিষয়ে ট্রাম্প দাবি করেন, মার্কিন হামলায় দেশটির ১৫৯টি জাহাজ ধ্বংস হয়েছে। একই সঙ্গে ২৭৪টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার দাবি অনুযায়ী, বিমানগুলো বিভিন্ন রানওয়েতে পড়ে রয়েছে।
ট্রাম্প বলেন, একসময় মধ্যপ্রাচ্যে ইরানের উল্লেখযোগ্য প্রভাব থাকলেও দেশটি এখন আগের মতো শক্তিশালী অবস্থানে নেই।
তবে ইরানের সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে ট্রাম্পের করা এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এমএ//