আন্তর্জাতিক

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের কৌতুক, সাড়া দেয়নি উপস্থিত ব্যক্তিরা

আন্তর্জাতিক ডেস্ক

মুসলিম বিশ্বে ‘মোহাম্মদ’ নামের ব্যাপক প্রচলন নিয়ে কৌতুক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যের ডালটনে এক নির্বাচনি সমাবেশে ইরানের নেতৃত্ব নিয়ে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। তবে তার কৌতুকে সাড়া দেয়নি সমাবেশে উপস্থিত ব্যক্তিরা।

শনিবার (১৭ অক্টোবর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সমাবেশে ট্রাম্প বলেন, "মধ্যপ্রাচ্যের কারও নাম নিয়ে সন্দেহ হলে শুধু 'মোহাম্মদ' বলে ডাকুন। প্রায় ৬৫ শতাংশ ক্ষেত্রে মিলে যাওয়ার সম্ভাবনা আছে। আমি বহু বছর ধরে এমনটা করে আসছি, কখনো ভুল হয়নি।"

ইসলামের প্রবর্তক মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নাম অনুসারে মুসলিম পরিবারগুলোতে ছেলেসন্তানের নাম মোহাম্মদ রাখার প্রচলন রয়েছে। মুসলিম বিশ্বে পুরুষদের মধ্যে এটি অন্যতম বহুল প্রচলিত নাম।

ট্রাম্পের এ ধরনের বক্তব্যের সমালোচনা করে আসছেন মানবাধিকারকর্মী ও মুসলিম অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন।

তাদের অভিযোগ, ট্রাম্পের বক্তব্যে মুসলিম, অভিবাসী ও জাতিগত সংখ্যালঘুদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়।

আসছে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রচার চালানোর সময় সোমালি ও মুসলিম বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের নিয়েও মন্তব্য করেছেন ট্রাম্প। তাদের মধ্যে রয়েছেন মিশিগান থেকে ডেমোক্র্যাটিক পার্টির সিনেট প্রার্থী আবদুল এল-সায়েদ এবং মিনেসোটার কংগ্রেস সদস্য ইলহান ওমর। ইলহান ওমর সোমালিয়া থেকে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

এদিকে যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষ বৃদ্ধির পেছনে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী পদক্ষেপ এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনের ভূমিকা রয়েছে বলে দাবি করেছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) এক বার্ষিক প্রতিবেদনে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ট্রাম্প