মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ চার সহযোগী গত বছর পেয়েছেন হাজার হাজার ডলার নগদ উপহার। হোয়াইট হাউস প্রকাশিত প্রেসিডেন্টের আর্থিক বিবরণীতে এ তথ্য উঠে এসেছে। তবে সরকারি কর্মীদের অতিরিক্ত অর্থ গ্রহণের বিধিনিষেধ থাকায় এসব উপহার নিয়ে নৈতিকতার প্রশ্ন উঠেছে।
আর্থিক বিবরণী অনুযায়ী, ট্রাম্পের নির্বাহী সহকারী নাটালি হার্প, যোগাযোগবিষয়ক উপদেষ্টা মার্গো মার্টিন এবং ওভাল অফিসের কার্যক্রমের উপপরিচালক চেম্বারলেইন হ্যারিস—প্রত্যেকে ৪৫ হাজার ডলার করে পেয়েছেন। তাদের প্রত্যেকের বার্ষিক সরকারি বেতন ১ লাখ ৫০ হাজার ডলার।
অন্যদিকে, ওভাল অফিসের পরিচালক ওয়াল্ট নাউটাকে ২০ হাজার ডলার নগদ উপহার দেওয়া হয়েছে। তার বার্ষিক সরকারি বেতন ১ লাখ ৭৫ হাজার ডলার।
উপহার দেওয়ার বিষয়টি নিয়ে নৈতিকতার প্রশ্ন উঠলেও হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল জানিয়েছেন, এটি ট্রাম্পের দীর্ঘদিনের বড়দিনের উপহার দেওয়ার রীতির অংশ। সরকারি দায়িত্বের সঙ্গে এসব অর্থের কোনো সম্পর্ক নেই এবং আইন ও নৈতিকতার বিধিমালা মেনেই উপহারগুলো দেওয়া হয়েছে।
ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নাটালি হার্প তার ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্ট পরিচালনা ও বিভিন্ন পোস্ট তৈরিতে সহায়তা করেন।
আর ওয়াল্ট নাউটা এর আগে হোয়াইট হাউসের ভ্যালেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ট্রাম্পের প্রথম মেয়াদ শেষে গোপন নথি সরিয়ে নেওয়ার মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তবে ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর ওই মামলাটি খারিজ হয়ে যায়।
এসি//