আন্তর্জাতিক

মোদি-অমিত শাহের ছবি দিয়ে রাবণের কুশপুত্তলিকা দাহ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারসহ দেশি-বিদেশি একাধিক রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তিত্বের মুখাবয়ব সংযুক্ত রাবণের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেছে কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই)।

বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত সংবাদমাধ্যম দ্য ট্রিবিউনের এক প্রতিবেদন অনুযায়ী, বিজয়া দশমী উদযাপনের অংশ হিসেবে নয়াদিল্লির রাইসিনা রোডে সংগঠনটির সদর দপ্তরে এ কর্মসূচি পালন করা হয়। ‘আঙুল তো উঠবেই—রাবণ দহন’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানানো হয়।

নির্বাচনী অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব বৃদ্ধি, জাতীয় সম্পদের অপব্যবহার, সাম্প্রদায়িকতা এবং ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকির প্রতিবাদে কুশপুত্তলিকাটি দাহ করা হয় বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

দশ মাথাবিশিষ্ট রাবণের প্রতিকৃতিতে নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জ্ঞানেশ কুমারের পাশাপাশি শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানির মুখাবয়বও ব্যবহার করা হয়। এ ছাড়া এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি নেতা দুষ্যন্ত গৌতম এবং রাজনাথ সিংয়ের মুখও স্থান পায়।

মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে এনএসইউআই। কয়েক সপ্তাহ ধরে চলা সংগঠনটির এই আন্দোলনের ধারাবাহিকতায় কুশপুত্তলিকা দাহের কর্মসূচি পালন করা হয়েছে।

এনএসইউআইয়ের জাতীয় গণমাধ্যমবিষয়ক দায়িত্বপ্রাপ্ত রবি পান্ডে এবং দিল্লির দায়িত্বপ্রাপ্ত অখিলেশ যাদব জানান, বিজয়া দশমী অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়ের প্রতীক। সেই তাৎপর্য সামনে রেখেই ভোটাধিকার ও সংবিধান রক্ষা এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে তারা এ কর্মসূচি পালন করেছেন।

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি