স্বর্ণের বাজারে আবারও স্বস্তির খবর। কয়েক দফা ওঠানামার পর দেশের বাজারে ফের কমেছে মূল্যবান এই ধাতুর দাম। নতুন নির্ধারিত দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি মিলবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকায়।
বুধবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ এর দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৫০ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪০ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭০০ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত স্বর্ণের দামের সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।
এসি//