পূজা শেষ হলেও ছুটির আমেজ কাটেনি। বাজারে ক্রেতার উপস্থিতি কম থাকায় ও আগাম শীতের সবজি আসায় কমেছে বেশকিছু সবজির দাম। একই সঙ্গে কমেছে ডিমের দামও। এছাড়া মাছের বাজারেও কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তবে স্থিতিশীল রয়েছে মুরগির দাম।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে নিত্যপণ্যের দামের এ তথ্য জানা গেছে।
প্রতি কেজি ফুলকপি, ঝিঙা, লাউ, কচুমুখি ও পটোল বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বেগুন ও কাঁকরোলের কেজি ৮০ টাকা। শীতের আগাম জাতের মুলা ও ঢ্যাঁড়সের দামও কেজিপ্রতি ৭০ টাকা। তবে আগাম শিম কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিতে ১২০ টাকা। আর প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। বর্তমানে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে ও মিষ্টিকুমড়া। প্রতি কেজি পেঁপে ৩০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৭০ টাকায় বিক্রি হয়। লাউ প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা, কচুরমুখি ৮০ টাকা বিক্রি করা হচ্ছে।
এদিকে অপরিবর্তিত মুরগির বাজার। বর্তমানে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ টাকা, সোনালী মুরগি ৩২০ টাকা এবং লেয়ার মুরগি ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
স্বস্তি মিলছে ডিমের বাজারে। বর্তমানে লাল ডিম বিক্রি হচ্ছে ডজনপ্রতি ১৩০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকা দরে। গত সপ্তাহের তুলনায় লাল ডিমের দাম ডজনে ১০ টাকা এবং সাদা ডিমের দাম ২০ টাকা কমেছে।
বর্তমানে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ থেকে ২০০ টাকা দরে। গত সপ্তাহের তুলনায় দাম কমেছে ২০ টাকা। কাতলা মাছের দামও কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়।এ ছাড়া রুই মাছ কেজিপ্রতি ৩০০ থেকে ৩২০ টাকা, কৈ মাছ ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ মাছ ১৮০ থেকে ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।
আই/এ