কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।
নিহতরা হলেন মহেশখালী উপজেলার ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ জেলেরা হলেন নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাদের সবার বাড়ি মহেশখালী উপজেলায়।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজারের নাজিরারটেক উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি নিয়ে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে রওনা হন। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।
দুর্ঘটনার পর আশপাশের জেলেরা উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে তারা ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। তবে নুরুল আলম ও মুহিব উল্লাহর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয় জেলেরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
তবে দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এসি//