দেশজুড়ে

নেত্রকোনায় আবার গুলি, মিষ্টি দোকানের কর্মচারী গুলিবিদ্ধ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় আবারও গুলির ঘটনা ঘটেছে। দুর্গাপুরের সাংবাদিক কে গুলি করে হত্যার তিনদিন পর জেলার মোহনগঞ্জে সুজন পাল (৩৩) নামের এক মিষ্টির দোকান কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক হওয়ায় ওই ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত সুজন পাল মোহনগঞ্জ পৌর শহরের মাইলোরা এলাকায় ভাড়া বাসায় থাকেন।

রোববার ভোর সাড়ে ৫টায় পৌর শহরের মাইলোরা রামকৃষ্ণ মিশন মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান , আজ ভোরে মুখোশধারী দুজন মোটরসাইকেল আরোহী এসে দুবাই প্রবাসী পলাশ সাহার ঠিকানা জানতে চান। এরমধ্যে মুখোশধারীদের একজন আগ্নেয়াস্ত্র বের করলে সুজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পিছন থেকে অস্ত্রধারীরা গুলি চললে তার পিঠে গুলি লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় সুজন ডাক চিৎকার করলে স্থানীয় লোকজনের এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার জানান, ভোরে সুজন পাল নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ওসি মোহাম্মদ হাফিজুল ইসলাম হারুন জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এগুলো পর্যবেক্ষণ করে মুখোশধারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নেত্রকোনা