দেশজুড়ে

সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ঘুরে দেখেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। পরিদর্শনকালে ফাউন্ডেশনের কারুপল্লীতে জামদানি পল্লী ঘুরে দেখেন তিনি। এ সময় জামদানি শিল্পীদের হাতে বোনা শাড়ির নকশা ও কারুকাজ দেখে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে প্রতিনিধিদল নিয়ে পানাম নগরী পরিদর্শন শুরু করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। পরে সকাল ৯টার দিকে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যান। সেখানে কারুপল্লীর জামদানি পল্লী ঘুরে দেখেন এবং শিল্পীদের কাজ সম্পর্কে অবগত হন।

রাষ্ট্রদূতের প্রতিনিধিদলে আরও ছিলেন তার ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং মার্কিন দূতাবাসের পররাষ্ট্র বিভাগের জাতীয় তদন্ত কর্মকর্তা শেখ শিবলীসহ অন্যরা।

পরিদর্শনের সময় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী তত্ত্বাবধায়ক তানজিলুর রহমান এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক উপস্থিত ছিলেন। এ ছাড়া ফাউন্ডেশন ও পানাম নগরীর কর্মকর্তা-কর্মচারীরাও এ সময় সেখানে ছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #নারায়ণগঞ্জ #সোনারগাঁ #মার্কিন রাষ্ট্রদূত #ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন