বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি কোনো দিন বলেনি আওয়ামী লীগকে মাফ করে দেবে, বরং যারা বলছে, বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে, ৫ আগস্টের পর তারাই আওয়ামী লীগকে মাফ করে দিতে চেয়েছিল। ক্ষমতার জন্য জামায়াত যেকোনো দলের সঙ্গে হাঁটতে পারে। ইতিহাস বলে তারাই আওয়ামী লীগের পথে হাঁটতে পারে।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
জামায়াতকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘আপনারা তো প্রমাণ রেখেছেন ইতিহাসে। আপনারা হাসিনার পথে হাঁটতে সবচেয়ে ভালোবাসেন। ক্ষমতার জন্য কখনো কখনো বিএনপির সঙ্গে জোট করার চেষ্টা করেন। কিন্তু মনের ভেতরে হাসিনার প্রদর্শিত পথেই আপনারা হাঁটেন।’
তিনি বলেন, বিএনপিকে চেনে জনগণ, বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয় না। কিন্তু জামায়াত যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি তারা ইসলামের নামে দিয়েছেন, আল্লাহর নামে দিয়েছেন। অনেক কথা বলছেন মানুষের মনকে জয় করার জন্য। কিন্তু পরক্ষণেই উল্টো কাজ করেছেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়া এরশাদ সরকারকে অবৈধ আখ্যা দিয়ে তার অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগ ও জামায়াতও এরশাদের অধীনে নির্বাচনে না যাওয়ার কথা বলেছিল। কিন্তু পরে আওয়ামী লীগ সে অবস্থান থেকে সরে আসে এবং জামায়াত সে অবস্থান থেকে সরে আসে।
এ বিএনপি নেতা বলেন, ১৯৯৪-৯৫ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আন্দোলনেও জামায়াত আওয়ামী লীগের সঙ্গে একই পথে হেঁটেছে। ইতিহাসের এসব উদাহরণ উপেক্ষা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
আফসার আহমেদ সিদ্দিকীর সঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, আফসার আহমেদকে বড় ভাই বলে ডাকলেও তাদের সম্পর্ক ছিল অনেকটা বাবা-ছেলের মতো। তার সান্নিধ্য থেকে রাজনীতি বোঝার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও অনেক কিছু শিখেছেন তিনি।
আই/এ