ভারতের উত্তর প্রদেশের গোন্ডা জেলায় দীর্ঘদিনের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে অভিনব প্রতিবাদ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে কাটরা বাজার বিদ্যুৎ উপকেন্দ্রে ‘হনুমান চালিসা’ হাতে হাজির হন বিক্ষুব্ধ গ্রামবাসীরা।
বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী আদর্শ কুমার ওঝার সামনে ধর্মীয় গ্রন্থটি রেখে ২৪ ঘণ্টায় কত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়, তা হাতে শপথ করে জানানোর দাবি জানান তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল ক্ষুব্ধ গ্রামবাসী ওই কর্মকর্তাকে ঘিরে বিভিন্ন প্রশ্ন করছেন। একই সঙ্গে পুরো ঘটনার ভিডিও ধারণ করছিলেন কয়েকজন।
গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ উপকেন্দ্রে পর্যাপ্ত বিদ্যুৎ থাকার পরও তাদের ফিডারের সংযোগ ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হচ্ছে।
তাদের দাবি, প্রায় ছয় মাস ধরে দিনে গড়ে দুই ঘণ্টারও কম সময় বিদ্যুৎ পাচ্ছেন তারা।
এদিকে ঘটনার পর প্রায় এক ডজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপসহকারী প্রকৌশলী আদর্শ কুমার ওঝা।
অভিযোগে তিনি দাবি করেন, বিক্ষোভকারীরা সরকারি কাজে বাধা দিয়েছেন, দাপ্তরিক নথিপত্র নষ্ট করেছেন এবং বিদ্যুৎ বিভাগের কর্মীদের গালিগালাজের পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়েছেন।
কাটরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ পাঠক জানান, বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের একটি ভিডিও পুলিশের নজরে এসেছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে লিখিত অভিযোগও পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছেন স্থানীয় বিধায়ক বাবন সিং। তিনি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন।
বৈঠকে দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ ৫ এমভিএ ক্ষমতার ট্রান্সফরমারটি দ্রুত চালু করার নির্দেশ দেওয়া হয়। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ট্রান্সফরমারটি চালু করে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি করার জন্য বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের কড়া নির্দেশ দিয়েছেন বিধায়ক।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এসি//