নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের উদ্যোগে রাজধানীতে চালু হয়েছে বিশেষ ‘পিংক বাস’ সেবা। গত ১৮ আগস্ট থেকে চালু হওয়া এই বাসের চালক ও কন্ডাক্টর—দুই দায়িত্বেই রয়েছেন নারীরা। এবার সেই বাসে একসঙ্গে যাত্রা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নারী সংসদ সদস্যরা।
রোববার (৩০ আগস্ট) সংরক্ষিত নারী আসনের পাবনা-সিরাজগঞ্জের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা তার ভেরিফাইড ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করে বিষয়টি জানান।
ছবিগুলোর সঙ্গে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। ঢাকার রাজপথে নারীর জন্য বিশেষ পিংকবাস। নারী সংসদ সদস্যদের পিংকবাসে ভ্রমণ।’
তবে নারী সংসদ সদস্যরা রাজধানীর কোন স্থান থেকে কোথায় গিয়েছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিআরটিসি জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ও পরিবহনকেন্দ্রগুলোকে যুক্ত করে পিংক বাসের রুট নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে ঢাকার ১০টি রুটে ১০টি বাস চলবে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব বাস চলাচল করবে। প্রতিটি বাস পরিচালনায় থাকবেন নারী চালক ও কন্ডাক্টর।
এ ছাড়া ঢাকা ছাড়াও বগুড়া ও চট্টগ্রামে দুটি করে পিংক বাস চালুর কথা রয়েছে।
ঢাকায় পিংক বাসের নির্ধারিত রুট
নতুন বাজার-কোকাকোলা থেকে মতিঝিল: কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্যবাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান হয়ে মতিঝিল।
তালতলা থেকে মতিঝিল: তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয়।

ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও: ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশেরপুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, ওয়ারি, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন।
মিরপুর-১০ থেকে মতিঝিল: মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ, পল্টন হয়ে মতিঝিল।
মিরপুর থেকে মতিঝিল: মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিল।
মিরপুর-১২ থেকে মতিঝিল: মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিল।
নারায়ণগঞ্জ থেকে ঢাকা: চাষাঢ়া, শিবুমার্কেট, স্টেডিয়াম, জালকুড়ি, ভুইগড়, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, টিকাটুলি, গুলিস্তান ও মতিঝিল।
মোহাম্মদপুর থেকে মতিঝিল: মোহাম্মদপুর, শঙ্কর, ধানমন্ডি-১৫, সিটি কলেজ, নিউমার্কেট, অ্যালিফ্যান্ট রোড, শাহবাগ, পল্টন, মতিঝিল ও কমলাপুর।
আব্দুল্লাহপুর থেকে মতিঝিল: আব্দুল্লাহপুর, আজমপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুর্মিটোলা, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিল।
গাজীপুর থেকে বিমানবন্দর: গাজীপুর শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজ গেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর, আজমপুর হয়ে বিমানবন্দর।
সংশ্লিষ্টদের আশা, নারীদের জন্য চালু করা এই বিশেষ বাসসেবা রাজধানী ও আশপাশের গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা, কর্মস্থল এবং পরিবহনকেন্দ্রের মধ্যে যাতায়াত আরও সহজ ও নিরাপদ করবে।